নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ২৩,আগস্ট :: ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা । কন্টেনারের ধাক্কায় মৃত্যু হলো দুজনের। আহত হয়ে আশঙ্কাজনক আরো চারজন। মৃত ও আহতরা জাতীয় সড়ক কতৃপক্ষের ঠিকা কর্মী।
ঘটনাটি ঘটেছে, শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার রাজবাঁধে। মৃতদের নাম কাশীনাথ ভট্টাচার্য (৪৮)। তিনি গলসির বাসিন্দা। বিধান বাউড়ি (৩২) গোপালপুরের বাসিন্দা। দুজনে ন্যাশানাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া বা জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকা শ্রমিক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সবমিলিয়ে ৬ জন ঠিকা কর্মী এদিন বিকেলে কাঁকসা থানার রাজবাঁধে ১৯ নং জাতীয় সড়কে কাজ করছিলেন। সেই সময় প্রচন্ড গতিতে আসা একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। আরো চারজনের অবস্থা আশঙ্কাজনক। যে কারণে তাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকেও স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
১৯ নম্বর জাতীয় সড়কের অ্যাম্বুলেন্স চালক মনোজ সিং বলেন,”একটি ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে আমরা যাই। সেখান থেকে ছজনকে আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে আসি।
সেখানে চিকিৎসক দুজনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। চারজনের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। পুলিশ জানায়, কি করে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জাতীয় সড়ক কতৃপক্ষের তরফেও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।

