নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২০,জুলাই :: রেলওয়ের বিভাগীয় দপ্তরে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকালে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হলেন ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, তাদের সাথে ছিলেন বামপন্থী সংগঠনের কর্মী-সমর্থকরা।
বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানোর প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা লাল মিছিল করে রেলওয়ের বিভাগীয় দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন।
তাঁদের মূল দাবি, দীর্ঘদিন ধরে বসবাসকারী ও জীবিকা নির্বাহকারী মানুষদের উচ্ছেদের আগে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের বক্তব্য, রেল জমিতে বসবাসকারী বহু পরিবার বছরের পর বছর ধরে সেখানে বসবাস করছেন। তাঁদের হঠাৎ উচ্ছেদ করলে পরিবারগুলির মাথার উপর থেকে ছাদ সরে যাবে এবং জীবিকা সংকটে পড়বেন বহু মানুষ।
তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করার পরেই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার দাবি তোলেন তাঁরা।
পরে প্রতিনিধিদল রেল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

