উত্তরপাড়ায় রহস্যময় পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তরপাড়া :: সোমবার ১৫,জুন :: উত্তরপাড়ায় রহস্যময় পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ‘বিচার চাই’ এবং তৃণমূল নেতাদের কোটি টাকার সম্পত্তির হিসেব চেয়ে পোস্টার পড়েছে কাঁঠালবাগান বাজার ও রেল স্টেশন সংলগ্ন এলাকায়। বাজারে যাওয়া এবং পথচলতি মানুষের নজরে আসে ওই পোস্টারগুলি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারগুলিতে পুরপ্রধান-সহ একাধিক তৃণমূল নেতার ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তাঁদের সম্পত্তির উৎস ও হিসেব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলেও অভিযোগ। পোস্টার সামনে আসতেই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দুর্নীতির অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন বলেও মত প্রকাশ করেন তাঁরা।

অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত মুখার্জী। তিনি বলেন, “এই ধরনের পোস্টার-রাজনীতি উত্তরপাড়ার মানুষ পছন্দ করেন না। আমার সম্পত্তি নিয়ে লুকানোর কিছু নেই। প্রয়োজনে ইডি বা আয়কর দফতরও সব খতিয়ে দেখতে পারে।”

তবে কারা বা কোন উদ্দেশ্যে এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 5 =