সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৮,জুলাই :: উত্তরবঙ্গের গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় উদ্যোগ নিল অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া (API), শিলিগুড়ি শাখা।
রোটারি উত্তরায়ণ শাখার সহযোগিতায় তারা শুরু করতে চলেছে ‘ভিলেজ অ্যাডপশন প্রোগ্রাম’। এই প্রকল্পের আওতায় দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকের বুরাগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়ু জোত, রামভোলা জোত, ধুলিয়া জোত ও চিঙ্গি জোত—এই চারটি গ্রামকে দত্তক নেওয়া হয়েছে।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ মানুষের কাছে নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সাধারণ রোগের চিকিৎসা, পুষ্টি সংক্রান্ত পরামর্শ, স্বাস্থ্যশিক্ষা, সুস্থ জীবনযাত্রার প্রচার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে।
এছাড়াও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শের ব্যবস্থা থাকবে।
এপিআই শিলিগুড়ি শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সংগঠনের বৃহত্তর জাতীয় উদ্যোগেরই একটি অংশ, যার উদ্দেশ্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে গ্রামগুলির সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো ও জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করা হবে।
আগামী ১৯ জুলাই (রবিবার) সকাল ১১টায় রামভোলা জোত গ্রামে এই ‘ভিলেজ অ্যাডপশন প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, বিধায়ক দুর্গা মুর্মু, বিধায়ক সুকরা মুন্ডা, এপিআই-এর জাতীয় সভাপতি ড. জি. নারসিমুলু এবং
প্রাক্তন জাতীয় সভাপতি ড. জ্যোতির্ময় পাল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরবঙ্গের গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য মহলের প্রতিনিধিরা।

