সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১,জুন :: রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে ১০ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে উৎসবের আবহ তৈরি হয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, ঢাকের বাদ্যি এবং নাচ-গানের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়।
বিশেষ করে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
পানিট্যাঙ্কি মোড় থেকে নকশালবাড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের উদযাপনে সামিল হতে দেখা যায়। বিজেপির দাবি, নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে চারজন পূর্ণমন্ত্রী, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন।
বিজেপি নেতাদের মতে, এর ফলে উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে এবং আগামী দিনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

