জাকির আলী :: সংবাদ প্রবাহ :: পাণ্ডুয়া :: শনিবার ১১,জুলাই :: অবশেষে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার হলো বৈঁচির সোনার দোকানে ছিনতাইয়ের মূল অভিযুক্ত লিপন রায়। দীর্ঘ তদন্ত এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পাণ্ডুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ শে জুন পাণ্ডুয়া ব্লকের বৈঁচি এলাকার এক সোনার দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
সেই সময় পথ আটকে দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ, ওই ব্যাগে প্রায় ৫০ থেকে ৭০ গ্রাম সোনার গয়না এবং প্রায় ৫০ হাজার টাকা নগদ ছিল।
দোকান মালিক ব্যাগটি দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাতে আঘাত করে। আহত অবস্থায় তিনি কোনওমতে সেখান থেকে বেরিয়ে এসে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পাণ্ডুয়া থানার পুলিশ।
তদন্তের ভিত্তিতে প্রথমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়।
এরপর অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ। তদন্তে বিভিন্ন প্রযুক্তিগত তথ্য ও সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এই ঘটনার মূল অভিযুক্ত বৈঁচির চারাবাগান এলাকার বাসিন্দা লিপন রায় উত্তরাখণ্ডে আত্মগোপন করে রয়েছে।
এরপর এই ঘটনার তদন্তকারী অফিসার বৈঁচি ফাঁড়ির অফিসার-ইন-চার্জ এসআই সুব্রত দাসের নেতৃত্বে একটি পুলিশ দল উত্তরাখণ্ডে যায়। সেখান থেকে লিপন রায়কে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় এবং পাণ্ডুয়া থানায় আনা হয়।
শুক্রবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। মহামান্য বিচারপতি তদন্তের সাপেক্ষে অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।এই ছিনতাইয়ের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে পাণ্ডুয়া থানার পুলিশ।

