নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: বুধবার ২৭,মে :: উত্তর দিনাজপুর জেলায় বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে ফের উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার নবনিযুক্ত অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু।
রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ পুষ্পস্তবক, উত্তরীয় ও দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরের প্রতিকৃতি তুলে দিয়ে রথীন্দ্রনাথ বসুকে সম্মান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা, ব্লক ও বুথ স্তরের বিজেপি কর্মী-সমর্থকরা।
পাশাপাশি জেলার জয়ী বিধায়করা উপস্থিত ছিলেন, এছাড়া জেলা নেতৃত্ব, সাংসদ ও স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা পর্ব শেষে বক্তব্য রাখতে গিয়ে রথীন্দ্রনাথ বসু বলেন ১৫ বছর ধরে বিজেপির সঙ্গে আমার পথচলা। উত্তর দিনাজপুর জেলার প্রত্যেক কার্যকর্তার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে।
আগে কার্যকর্তা হিসেবে বহুবার এখানে এসেছি, এখন অধ্যক্ষ হিসেবেও এসেছি। পুরোনো কর্মীরা যে কোনও সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তিনি আরও বলেন সময়ের সঙ্গে নতুনদের জায়গা করে দিতে হবে এবং তাঁদের পথপ্রদর্শনের দায়িত্ব নিতে হবে।
মাথা ঠান্ডা রেখে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সংগঠনের মূল শক্তি। উল্লেখ্য, এর আগেও ইসলামপুর সফরে এসে দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছিলেন রথীন্দ্রনাথ বসু। এই সংবর্ধনা সভাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

