সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ২৭,জুলাই :: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার, মঙ্গলবার এবং বুধবার—এই তিন দিন দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা থাকায় গঙ্গাসাগর, বকখালি, নামখানা, পাথরপ্রতিমা-সহ সুন্দরবনের বিস্তীর্ণ উপকূল এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই মাঠে নেমেছে জেলা ও ব্লক প্রশাসন।
সবচেয়ে বেশি সতর্কতা নেওয়া হয়েছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম চত্বর, স্নানঘাট এবং সমুদ্র সৈকত এলাকায়। প্রতিদিন বহু পুণ্যার্থী ও পর্যটক এখানে সমুদ্রস্নান করতে আসেন।
গভীর নিম্নচাপের জেরে সমুদ্রের জল অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে উঠতে পারে এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সেই কারণেই সাগর ব্লক প্রশাসনের উদ্যোগে লাগাতার মাইকিং করে পর্যটক, পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে, সমুদ্রে নামার সময় কোনওভাবেই যেন বেশি গভীরে না যাওয়া হয় এবং প্রশাসনের নির্দেশ কঠোরভাবে মেনে চলা হয়।
সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা ব্লক প্রশাসনের কাছে পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি সমুদ্রের জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

