সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ১৮,আগস্ট :: ২০২৬-২৭ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগের প্রিলিমিনারি রাউন্ডে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল ‘ইস্টবেঙ্গল এফসি’ মহিলা দল।
মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ম্যাচে পদ্মা পারের ‘রাজশাহী স্টার্স এফসি’-কে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ার মঞ্চে নিজেদের শক্তির প্রদর্শন করল লাল হলুদ শিবির।
ম্যাচের শুরু থেকেই কোয়ালিটি ফুটবলের উপহার দেয় ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন নবাগতা অলিভিয়া আনোকিয়ে। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে আরও একটি গোল করেন অষ্টম ওঁরাও।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ কমেনি লাল-হলুদের। ম্যাচের চতুর্থ গোলটি করেন সৌম্যা গুগুলোথ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
এই জয়ের ফলে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগের প্রিলিমিনারি রাউন্ডে আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী ম্যাচের দিকে এগিয়ে গেল ইস্টবেঙ্গল মহিলা দল। এবার লক্ষ্য পরের ম্যাচেও জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা মসৃণ করা।

