সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: রবিবার ১৯,এপ্রিল :: ডায়মন্ড হারবারে দেখা গেল এক ব্যতিক্রমী রাজনৈতিক প্রচারের ছবি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বাইক মিছিল ঘিরে রাজনৈতিক উষ্ণতা তুঙ্গে ওঠে।
নির্বাচনের প্রাক্কালে এই শক্তি প্রদর্শন কর্মসূচিতে অংশ নেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক শামীম আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার।
এই বাইক মিছিলের বিশেষ আকর্ষণ ছিল—প্রার্থী পান্নালাল হালদারকে বাইকের পিছনে বসিয়ে নিজেই বাইক চালিয়ে এলাকা পরিক্রমা করেন শামীম আহমেদ। এমন দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমায় বহু মানুষ। দলীয় পতাকা, স্লোগান আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
জানা যায়, ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের মোহনপুর এলাকা থেকে শুরু হয় এই বাইক মিছিল। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে ডায়মন্ড হারবার টাউন পর্যন্ত এই মিছিল গিয়ে শেষ হয় |
সব মিলিয়ে, এই বাইক মিছিল শুধু প্রচার নয়, বরং ভোটের আগে জনসংযোগ ও শক্তি প্রদর্শনের এক বড় মঞ্চ হয়ে উঠল বলেই মত স্থানীয়দের।

