নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: রবিবার ১৯,জুলাই :: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করল পুলিশ।
আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের রাসন গ্রামে এই ঘটনাটি ঘটেছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৮ কেজি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের গোমূন্ডার বাসিন্দা সুমন সাউ এদিন এগরা ১ ব্লকের রাসন গ্রামে তাঁর মামা রবীন্দ্র জানার বাড়িতে এসেছিলেন।
সুমন যখন মামার বাড়িতে আসেন, তখন তাঁর সঙ্গে একটি সন্দেহভাজন বস্তা ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে, ওই বস্তাটিতে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে।
খবর পাওয়ামাত্রই এগরা থানার সব ইন্সপেক্টর সুমন ভট্টাচার্য, আই সি সুশান্ত চট্টপাধ্যায় সহ থানার অন্যান্য পুলিশ দ্রুত তৎপর হয়ে রবীন্দ্র জানার বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৮ কেজি গাঁজা।
ঘটনাস্থল থেকেই সুমন সাউ এবং তাঁর মামা রবীন্দ্র জানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে এবং এত পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

