এটা পরিবর্তন না আবর্তন? নাকাশিপাড়া হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ অধীরের!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: সোমবার ১৯,আগস্ট :: নদিয়ার নাকাশিপাড়ায় দলীয় কর্মী আনিসুর ও তাঁর ছেলের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে এলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্য প্রশাসন ও শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি একই সাথে তিনি বলেন এটা পরিবর্তন না আবর্তন ?

তিনি জানান, আনিসুর দীর্ঘদিন ধরে এলাকার একজন বলিষ্ঠ কর্মী ছিলেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও কংগ্রেসকে মজবুত করে রেখেছিলেন।

অধীরবাবুর দাবি, এলাকাটিতে মানুষ যখন শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল এবং আনিসুরের ওপর ভরসা করছিল, তখনই মূলত প্রধানের ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে এই খুনের ছক কষা হয়েছে।​

অধীরবাবু এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র এবং প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ তোলেন। একই সাথে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে প্রশ্ন তোলেন। জেলে বসেই এই খুন করা হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী তখনই গোটা তদন্ত শেষ করে দিয়েছে বলে মন্তব্য কংগ্রেস নেতার।

তিনি প্রশ্ন করেন, অভিযুক্তরা যদি জেলেই বন্দি থাকে, তবে জেলের ভেতর বসে মোবাইল ব্যবহার করে কীভাবে বাইরে যোগাযোগ রাখা হলো এবং এই নারকীয় হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হলো।

জেলখানার নিরাপত্তা ও নজরদারির গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, স্থানীয় পুলিশকে সম্ভাব্য বিপদের ইঙ্গিত দেওয়া সত্ত্বেও তারা কোনো সতর্কতামূলক পদক্ষেপ নেয়নি। ​আনিসুরের পাশাপাশি তাঁর মেধাবী ছেলে, যে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তাকেও যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে চরম বর্বরতা বলে আখ্যা দেন তিনি।

তিনি স্পষ্ট জানান, এই ধরনের অপরাধ সমাজ কখনও মেনে নেবে না। পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা সরকার রাজ্যে আইনশৃঙ্খলার কী হাল করেছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, রাজনৈতিক রং না দেখে অবিলম্বে আসল অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি তোলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =