কালচিনিতে বিজেপির প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নির্দল হয়ে লড়াইয়ে জেলা নেতা নারায়ণ লামা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালচিনি :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: নির্বাচনের মুখে আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভায় প্রকাশ্যে এল বিজেপির অন্দরের কোন্দল। দলের জেলা কমিটির সদস্য নারায়ণ লামা নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বিজেপি প্রার্থী তথা গতবারের বিধায়ক বিশাল লামা এবং দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, দলে পুরনো কর্মীদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং

বারবার ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলেই তিনি নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

নারায়ণ লামার কথায়, “একজন বিধায়কের কাজ মানুষের স্বার্থে কাজ করা, এলাকার পরিকাঠামো উন্নত করা। কিন্তু তা না করে সংগঠন নিয়েই বেশি ব্যস্ত ছিলেন তিনি। সেই কারণেই কালচিনিতে বিজেপি পিছিয়ে পড়েছে।”

একইসঙ্গে বিজেপির জেলা সম্পাদক অলোক মিত্রকে ইঙ্গিত করে তাঁর অভিযোগ, দলের নির্দিষ্ট কিছু নেতাই সব সুবিধা পাচ্ছেন।

এমনকি এক নেতা ও তাঁর স্ত্রী—দুজনকেই পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হচ্ছে বাকি কর্মীদের অন্ধকারে রেখে। বিধায়ক তহবিলের কাজেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি।

তবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও নিজেকে এখনও বিজেপির সমর্থক বলেই দাবি করেছেন নারায়ণ লামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =