নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ২,জুলাই :: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের সিলবাংলা বনাঞ্চলের ভলকা লেফ্রাগুড়ি বনবস্তিতে একটি পূর্ণবয়স্ক বুনো দাতাল হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকালে একটি বাড়ির পিছনে হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়েই ভলকা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফেন্সিং তারের কাছে হাতিটির দেহ পড়ে ছিল।
ফেন্সিংয়ের তারে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন স্থানীয়দের একাংশ।
তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে বনদপ্তর এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।বনদপ্তর জানিয়েছে, ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
হাতির দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে বুনো হাতির মৃত্যুর খবর ছড়াতেই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমান।

