কুমিরে টেনে নিয়ে গেল এক যুবককে, পরে মৃত অবস্থায় উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ২৬,মে :: নদীতে নামতেই কুমিরে টেনে নিয়ে গেল এক যুবককে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার বৈদ্যনাথ গিরির ঘাটের কাছে কার্জনক্রিক নদীতে। মৃত যুবকের নাম সমরেশ খাঁড়া (৩৬)। বাড়ি পাথরপ্রতিমার ছোট রাক্ষসখালি এলাকায়।

কিন্তু কর্মসূত্রে তিনি ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্র মোহনপুর এলাকায় জেঠুর বাড়িতে থাকতেন। পাথরপ্রতিমা রামগঙ্গা ফেরি সার্ভিসে তিনি কাজ করতেন। সোমবার তাঁর ছুটি ছিল। এদিন তিনি বৈদ্যনাথ গিরির ঘাটের কাছে নদীতে নেমে নৌকার কাছি একটি খুঁটিতে বাঁধছিলেন।

সেই সময় হঠাৎ একটি কুমির এসে তাঁর পায়ে কামড় দিয়ে নদীতে টেনে নিয়ে চলে যায়। তখন সমরেশের কাছাকাছি থাকা লোকজনেরা ঘটনাটি দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেন। তাঁদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন।

তৎক্ষণাৎ তাঁরা একটি নৌকা নিয়ে কুমিরটিকে তাড়া করে। প্রায় দেড় ঘন্টা ধরে ওই এলাকার পুরো নদী তোলপাড় করে ফেলা হয়। শেষে একটি জঙ্গলের পাশে সমরেশের মৃতদেহ ভেসে ওঠে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =