সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৬,মে :: মঙ্গলবার শিলিগুড়ি সাইবার থানায় দায়ের করা এই অভিযোগে মূলত দুটি ঘটনার উল্লেখ করা হয়েছে—২০২৫ সালের ইদের অনুষ্ঠানে করা মন্তব্য এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধর্নামঞ্চ থেকে দেওয়া ভাষণ।
শিলিগুড়ির আইনজীবী তথা বিজেপি কর্মী রিঙ্কি চট্টোপাধ্যায় এই মামলাটি দায়ের করেন । রিঙ্কি চট্টোপাধ্যায়ের অভিযোগ, ২০২৫ সালে রেড রোডের ইদের অনুষ্ঠান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
সেই সময় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে তিনি উলটে হেনস্তার শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন। এরপর ২০২৬ সালের নির্বাচনী মরশুমেও ধর্নামঞ্চ থেকে মমতার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়।
সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে রিঙ্কি চট্টোপাধ্যায় এবার সাইবার থানার দ্বারস্থ হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার উল্লেখ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট বক্তব্যের ভিডিও ও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে প্রাথমিক প্রমাণ হিসেবে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

