নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: শুক্রবার ৩,জুলাই :: রাতের অন্ধকারে বরাকর দেন্দুয়া রাস্তার উপর কদভিটা মোড়ের সামনেই টিনের ছাদ কেটে চোরেরা প্রবেশ করে। চোরের দল নগদ টাকা, রুপোর গয়না সহ লক্ষাধিক টাকার কাঁসা-পিতলের বাসন নিয়ে চম্পট দেয়।
চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরী-দেন্দুয়া রোডের কদভিটা মোড় ও পিএইচই বাউন্ডারির কাছে। এই ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গৃহকর্তা তথা ব্যবসায়ী অনিরুদ্ধ সাউ (পিন্টু) দুদিনের জন্য সপরিবারে তারাপীঠ গিয়েছিলেন। বাড়ি ফিরে আসতেই তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায়, বাড়ির ছাদের টিনের শেড উপড়ে ভেতরে ঢুকেছিল চোরের দল।
ঘরের ভেতরের বাক্স ও আলমারি ভেঙে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে।পিন্টু সাউ জানান, চোরেরা আলমারি ভেঙে নগদ ৮ হাজার টাকা এবং বেশ কিছু মূল্যবান রুপোর অলঙ্কার নিয়ে গেছে।
শুধু ঘরের ভেতরেই নয়, চোরদের নজর পড়েছিল অনিরুদ্ধ বাবুর বাড়ির সঙ্গেই লাগোয়া তাঁর নিজস্ব বাসনের দোকানটিতেও। ঘরে চুরির করার পর চোরেরা দোকানে ঢুকে তাণ্ডব চালায়।
ব্যবসায়ীর দাবি, দোকান থেকে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের কাঁসা, পিতল ও অন্যান্য দামী বাসনপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।
এই দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। প্রকাশ্য রাস্তার পাশেই যেভাবে চোরেরা বেপরোয়াভাবে এই কাণ্ড ঘটিয়েছে, তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

