নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: বুধবার ৫,আগস্ট :: কোলে নিজের নাতি। তাঁকেই কিনা বাচ্চা চোর সন্দেহে রেলস্টেশনের ওপরে বেধড়ক মারধর করলেন একদল মহিলা। আর রেল পুলিশ তা দাঁড়িয়ে দেখল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া রেলস্টেশনে।
অবশেষে সংবাদমাধ্যমের চাপে পড়ে ঘটনায় জড়িত অভিযোগে পিঙ্কি শিকদার নামে এক মহিলাকে রেল পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার ১১ নম্বর ওয়ার্ডের নগর থুবা শিমুলতলার বাসিন্দা সারথি বাড়ৈ নামে এক প্রৌঢ়া বিরাটি যাবেন বলে নাতিকে কোলে নিয়ে ট্রেনের অপেক্ষায় হাবড়া রেলস্টেশনে বসেছিলেন।
ওই সময় কয়েকজন মহিলা রটিয়ে দেয়, সারথির কোলের বাচ্চাটি চুরি করা। ওই প্রৌঢ়া বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছিলেন, কোলে শিশুটি তাঁর মেয়ের ছেলে। কিন্তু মার মুখে মহিলারা তাঁর কোনও কথাই শোনেননি। চুলের মুঠি ধরে স্টেশনের ওপরে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
আরও আশ্চর্যের বিষয়, পাশেই দাঁড়িয়ে রয়েছেন রেল পুলিশের এক কনস্টেবল। তিনি সারথিকে বাঁচানোর কোনও চেষ্টা করেননি। মার মুখে মহিলাদেরও তিনি প্রতিরোধ করার চেষ্টাও করেননি। ওই সময় রেল স্টেশনে অতি উৎসাহী কয়েকজন মহিলা সমাজ মাধ্যমে বাচ্চা চোর বলে লাইভ সম্প্রচার করতে থাকেন।
মারার ঘটনা তাঁরা রিলে করছিলেন। পরে তাঁরাই ওই ভিডিও বাচ্চা চোর লিখে সমাজ মাধ্যমে পোস্ট করেন।
ওই ভিডিও ছড়িয়ে পড়তেই হাবড়ার নাগরিক সমাজ ও সংবাদমাধ্যম রুখে দাঁড়ায়। হামলাকারী ওই মহিলাদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদের ঝড় ওঠে।
সংবাদমাধ্যমের চাপে পড়ে রেল পুলিশ পদক্ষেপ করতে শুরু করে। ওই ঘটনার ভিডিও-য় পিংকি সিকদার নামে আশুতোষ কলোনির এক মহিলাকে মারতে দেখা গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পিংকিকে ফাঁড়িতে ডেকে পাঠায়।
বনগাঁ জিআরপি থানার আধিকারিক নয়ন পাত্র আশ্বাস দিয়েছেন, ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। যাদের সনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

