সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গর :: শনিবার ৬,জুন :: শওকত মোল্লার গ্রেপ্তারের খবরে কার্যত উৎসবের মেজাজ ভাঙড়ে । দীর্ঘদিন ধরে এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত শওকতের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ভাঙড়ের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অকাল হোলি।
শুক্রবার রাতে শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পর শনিবার সকাল থেকেই এলাকায় ছিল খুশির মেজাজ।গ্রেপ্তারি নিয়ে উচ্ছ্বসিত আইএসএফ নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম । এদিন সকালে তাঁকে এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিলি করতে দেখা যায়। তাঁর মুখে ছিল স্বস্তির হাসি।
শুধু মিষ্টি বিলি নয়, ডিজে বাজিয়ে আইএসএফ কর্মীদের নাচা নাচিও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে শওকতের বিরুদ্ধে তৈরি হওয়া সেই পুরোনো ‘মাছ চোর’ গান বাজিয়েই চলে উদ্যাপন।
আরাবুল ইসলাম বলেন, ‘শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করে একদম ঠিক কাজ করেছে। আমি অত্যন্ত খুশি।’ শওকতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আরাবুল আরও যোগ করেন, ‘শওকতের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনে ভাঙড় ও ক্যানিংয়ের সব বুথ দখল করা।
তার নামে একাধিক খুনের অভিযোগ রয়েছে। কেবল গ্রেপ্তার নয়, ভাঙড়ের মানুষের ওপর অত্যাচারের দায়ে শওকত মোল্লার ফাঁসি হওয়া উচিত।’
