নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উলুবেরিয়া :: শনিবার ১৮,এপ্রিল :: আগামী ৪ মে ভোটগণনা। মমতার কথায়, কমিশন ইচ্ছে করে ‘স্লো পোলিং’ এবং ‘স্লো কাউন্টিং’ করার পরিকল্পনা করেছে। তাঁর দাবি, শুরুতেই রটিয়ে দেওয়া হতে পারে যে তৃণমূল হারছে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই।
কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি বলেন, “সূর্যোদয় বিজেপি দিয়ে হলেও সূর্যাস্ত করবে তৃণমূল । শেষে দেখবেন আমরাই জিতছি এবং আগের চেয়ে বেশি আসনে জিতব।” বাংলা থেকেই দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন নেত্রী।
তৃণমূল নেত্রীর সবচেয়ে বড় অভিযোগ ইভিএম এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ইভিএমে চিপ ঢুকিয়ে কারচুপি করা হতে পারে। তাঁর নির্দেশ, “মেশিনের প্রতিটি বোতাম টিপে পরীক্ষা করতে হবে।ভিভিপ্যাট ছাড়া ইভিএম পরীক্ষা করা যাবে না।” এমনকি ভোটের দিন ইচ্ছা করে মেশিন খারাপ করে দেওয়ার চক্রান্ত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর দাওয়াই— যতক্ষণ না নতুন মেশিন আসছে, ততক্ষণ ভোট গ্রহণ করতে দেওয়া যাবে না।
প্রচার যত এগোচ্ছে, ততই সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার হাওড়ার উলুবেড়িয়ার জনসভা থেকে এবার সরাসরি কেন্দ্রীয় সংস্থা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন নেত্রী।
বিশেষ করে ভোটগণনার দিন এবং ইভিএমের নিরাপত্তা নিয়ে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

