সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৫,এপ্রিল :: শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকাতে গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনায় অপর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । সূত্র অনুসারে জানা গেছে শুক্রবার গভীর রাত থেকে এলাকায় গরু চোরের আতঙ্ক ছড়ায়।
শনিবার সকালে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয় এলকার বাসিন্দারা। তাদের একটি খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় দুইজনকেই উদ্ধার করে। পরবর্তীতে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায় হলেও এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
ইতিমধ্যেই পুলিশ ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

