চড়া বাজারদর নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবারে EB-র অভিযান, ব্যবসায়ীদের সতর্ক করা হলো

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: মঙ্গলবার ২৫,আগস্ট :: বাজারদর নিয়ন্ত্রণে এবং অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি রুখতে রাজ্য সরকারের নির্দেশে ডায়মন্ড হারবারের কপাটের হাট বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)।

মঙ্গলবার সকালে কপাটের হাট-সহ ডায়মন্ড হারবার মহকুমার একাধিক বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখেন প্রশাসন ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা।

সাধারণ মানুষের পকেটে টান ফেলছে চড়া বাজারদর। চাল, ডাল, তেল, আনাজ-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অভিযোগ রয়েছে।

সেই পরিস্থিতিতে বাজারে নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, কোনও ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন কি না এবং পাইকারি ও খুচরো বাজারে দামের ফারাক কতটা—এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই এদিনের অভিযান।

অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন আধিকারিকেরা। বিভিন্ন সামগ্রীর ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য সম্পর্কে তথ্য নেওয়া হয়।

পাশাপাশি দোকানে পণ্যের মূল্যতালিকা রাখা হয়েছে কি না, ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত দামের বেশি টাকা নেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি চালানো হয়।

শুধু ব্যবসায়ীদের উপর নজরদারি নয়, বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন প্রশাসনিক আধিকারিকেরা। পণ্য কেনার সময় তাঁদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, কোনও সামগ্রীর ক্ষেত্রে মূল্য নিয়ে সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও, মহকুমা খাদ্য নিয়ামক, পুরসভার আধিকারিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা এবং খাদ্য দফতরের আধিকারিকেরা। একাধিক বাজারে ঘুরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।

প্রশাসনের তরফে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির ক্ষেত্রে কোনওভাবেই অযথা দাম বাড়ানো যাবে না। নির্ধারিত ও যুক্তিসঙ্গত মূল্যে সামগ্রী বিক্রি করতে হবে।

কোনও ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =