নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: শুক্রবার ১০,জুলাই :: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেস নেতা হিরালাল ঘোষকে আটক করে পুলিশ নিয়ে যাবার সময় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। জানা গেছে, তৃণমূল নেতা হিরালাল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগকে কেন্দ্র করে চন্দ্রকোনা থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে।
এই খবর চাউর হতেই চন্দ্রকোনা থানার সামনে এবং সংলগ্ন রাজ্য সড়কে শয়ে শয়ে সাধারণ মানুষ ও বিরোধী দলের কর্মী-সমর্থকেরা জড়ো হতে শুরু করেন।
পরিস্থিতি জটিল রূপ নেয় যখন হিরালাল ঘোষকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। উত্তেজিত ও ক্ষিপ্ত জনতা সরাসরি পুলিশের পথ আটকে দাঁড়ায়।
তাদের স্পষ্ট ও চরম দাবি ছিল— “তৃণমূল নেতাকে পুলিশের হেফাজতে নেওয়া চলবে না, তাকে জনতার হাতে তুলে দিতে হবে।” এই দাবিকে কেন্দ্র করে উপস্থিত জনতার সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ, তর্ক-বিতর্ক । পুলিশ আইন নিজের হাতে না নেওয়ার অনুরোধ জানালেও জনতা তা মানতে নারাজ ছিল।
অন্যদিকে, বিজেপির কর্মী-সমর্থকেরা এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনার মূল রাজ্য সড়কের ওপর দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ শুরু করেন।

