সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৬,আগস্ট :: সেবক রোডে গাড়ি পার্ক করলেই দিতে হচ্ছে পার্কিং ফি। রসিদে রয়েছে শিলিগুড়ি পৌর নিগমের নাম। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন। অভিযোগ, বর্তমানে এই পার্কিং পরিচালনার জন্য কোনও বৈধ টেন্ডারই নেই।
তা হলে কোন অধিকারে আদায় করা হচ্ছে টাকা? আর সেই অর্থই বা শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে? এই প্রশ্নেই সরগরম হয়ে উঠেছে এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকেই সেবক রোডের এই পার্কিংয়ের জন্য নতুন করে কোনও টেন্ডার দেওয়া হয়নি। অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে কোনও সংস্থা বা ব্যক্তির এই পার্কিং পরিচালনার বৈধ অনুমতি নেই বলেই দাবি। অথচ প্রতিদিন আগের মতোই গাড়িচালকদের কাছ থেকে পার্কিং ফি আদায় করা হচ্ছে।
সবচেয়ে বিস্ময়ের বিষয়, অভিযোগ অনুযায়ী পার্কিং ফি আদায়ের ক্ষেত্রে এখনও শিলিগুড়ি পৌর নিগমের নাম ব্যবহার করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের একাংশ মনে করছেন, তাঁরা সরকারি নিয়ম মেনেই টাকা দিচ্ছেন। কিন্তু টেন্ডার না থাকলে সেই অর্থ আদৌ পৌর নিগমের কোষাগারে জমা পড়ছে কি না, তা নিয়েই দেখা দিয়েছে বড়সড় সংশয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি সত্যিই টেন্ডার ছাড়াই পার্কিং ফি আদায় হয়ে থাকে, তবে এর দায় কার? কার নির্দেশে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে? বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এখন নজর প্রশাসনের দিকে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জোরালো হচ্ছে।

