সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৬,আগস্ট :: সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সালবাড়ি এলাকায় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
এই উদ্যোগে অংশ নেয় সালবাড়ি এসটিজি, এসপিসি ইলা পাল স্কুলের ছাত্রছাত্রী এবং শ্রী শ্রী একাডেমির ব্যান্ড দল। র্যালিটি এসআইটি পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে সালবাড়ি এসটিজি অফিস পর্যন্ত পরিক্রমা করে।
প্রায় ৬০ থেকে ৭০ জন ছাত্রছাত্রী হাতে তৈরি ট্রাফিক সচেতনতামূলক পোস্টার, ছবি ও বিভিন্ন স্লোগান নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে। তাঁদের কণ্ঠে সড়ক নিরাপত্তার বার্তা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
র্যালির সঙ্গে শ্রী শ্রী একাডেমির ব্যান্ড দলের সুর অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। পথ চলতি মানুষও এই উদ্যোগকে স্বাগত জানান এবং ছাত্রছাত্রীদের সচেতনতামূলক প্রচেষ্টার প্রশংসা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ট্রাফিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া, যাতে সড়ক দুর্ঘটনা কমে এবং সবাই ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত হন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর হাতে প্যাকেট লাঞ্চ এবং পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। সার্বিকভাবে সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগটি সফল ও প্রশংসনীয় হয়ে ওঠে।

