চোপড়ায় প্রশাসনের বুলডোজার অভিযান, ভাঙা হল অবৈধ নির্মাণ খুশি সংখ্যালঘুরাও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: সোমবার ২৫,মে :: সরকার পরিবর্তনের পর এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় শুরু হল প্রশাসনের বুলডোজার অভিযান। প্রশাসনের নির্দেশে সোমবার চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি অল ইন্ডিয়া মোড় এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সরকারি জমি দখল করে অবৈধভাবে একাধিক নির্মাণ গড়ে ওঠার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। এরপরই অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভাঙার নির্দেশ দেওয়া হয়।

সোমবার প্রশাসনের আধিকারিক, পুলিশ ও ভূমি দফতরের কর্মীদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ওই নির্মাণগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল বা বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার একাংশের বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ চলছিল। অবশেষে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =