নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৫,জুলাই :: ছিল যাত্রী প্রতীক্ষালয়, এখন সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়। পঞ্চাশ বছরের পুরনো যাত্রী প্রতীক্ষালয় দখল করে তৃণমূলের বিলাস বহুল দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভানেত্রীর ছেলের বিরুদ্ধে।
অবৈধ নির্মাণ ভেঙে পুনরায় যাত্রী প্রতীক্ষালয় গড়ে তোলার দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের মকদম পুর এলাকায়।
মালদার চাঁচলের মোকদম এলাকায় রাস্তার ধারে প্রায় পাঁচ দশক আগে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য একটি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, দুই বছর আগে সেই প্রতীক্ষালয় দখল করে সেখানে বিলাসবহুল তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, এই কার্যালয়টি চাঁচল ১ নং তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী অঞ্জনা সাহার ছেলে অশোক সাহার উদ্যোগেই তৈরি হয়েছে। বর্তমানে পার্টি অফিসে অধিকাংশ সময় তালা ঝুলে থাকলেও সন্ধ্যার পর সেখানে তৃণমূলের কর্মী-সমর্থকদের আনাগোনা শুরু হয় ।
সেখানে অসামাজিক কার্যকলাপ চলে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অবিলম্বে ওই অবৈধ নির্মাণ ভেঙে আগের মতো যাত্রী প্রতীক্ষালয় পুনর্নির্মানের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী।
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের চাঁচল ১ নং পঞ্চায়েত সমিতির সভানেত্রীর ছেলে অশোক সাহা। তার দাবি, এটা আমি সিভিক ভলেন্টিয়ারদের বসার জন্যই বানিয়েছি। বর্তমানে কোন সিভিক ভলেন্টিয়ার সেখানে থাকেন না এই কথা তিনি স্বীকার করে নিয়েছেন।

