নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: তৃণমূল সরকারের আমলে একশো দিনের কাজের জব কার্ড নিয়ে নয়ছয় ও ভুয়ো উপভোক্তা তৈরির অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা।
অন্যের নামের জব কার্ড ব্যবহার করে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা হাতিয়ে নেওয়ার মতো গুরুতর জালিয়াতির তথ্য সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়। ঘটনার সুবিচার ও সঠিক প্রশাসনিক তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রে জানা গিয়েছে, জালিয়াতির চরম নিদর্শন সামনে এসেছে এগরা-২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর এলাকায়। সেখানকার বাসিন্দা শিবপ্রসাদ নায়ক দীর্ঘদিন ধরে সরকারি সহায়তায় নিজের একটি মাথার ওপর ছাদ তৈরির আশা করছিলেন।
সম্প্রতি তিনি যখন সরকারি আবাসন পাওয়ার উদ্দেশ্যে অনলাইনে আবেদন জানাতে যান, তখন সামনে আসে এক অবিশ্বাস্য তথ্য। পোর্টাল চেক করতেই তিনি দেখতে পান, তার নামে থাকা জব কার্ডের নথি ব্যবহার করে আগেই অন্য এক ব্যক্তি সম্পূর্ণ বাড়ি তৈরি করে সুবিধা হাতিয়ে নিয়েছেন।
নিজের চোখের সামনে এই জালিয়াতির তথ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান শিবপ্রসাদবাবু। তিনি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই কান্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।

