নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শনিবার ৬,জুন :: জামুড়িয়া: জামুড়িয়া বিধানসভা এলাকার প্রাক্তন ডিএমসি বিধায়ক হরেরাম সিংয়ের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কার্যালয়ে তল্লাশি শুরু করে।
এই ঘটনায় আসানসোল জেলা বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রানা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের দলীয় কার্যালয় থেকে যে সামগ্রী উদ্ধার হয়েছে, তা সরকারি ত্রাণ সামগ্রী।
তাঁর দাবি, এই সমস্ত কম্বল, সাড়ি, ত্রিপল-সহ অন্যান্য সামগ্রী সাধারণ মানুষের করের টাকায় কেনা হয়েছিল প্রয়োজনীয় মানুষের জন্য, কিন্তু সেগুলি দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল।
রানা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “যে ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল, তা দলীয় কার্যালয়ে মজুত রাখা অত্যন্ত দুর্ভাগ্য জনক।
শুধু এখানেই নয়, অন্যান্য তৃণমূল নেতা বা কাউন্সিলরদের বাড়ি থেকেও এ ধরনের সামগ্রী উদ্ধার হওয়া অস্বাভাবিক নয়।” অন্যদিকে, জামুড়িয়া মণ্ডল ৪-এর সহ-সভাপতি দেবাশীষ মণ্ডল বলেন, “প্রাক্তন বিধায়কের অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে।
এর মধ্যেই তৃণমূল নেতাদের আসল চেহারা প্রকাশ পাচ্ছে। তাঁরা সবকিছু থেকেই লাভ করতে চান, এমনকি সরকারি ত্রাণ সামগ্রী নিয়েও।” তিনি আরও দাবি করেন, পুলিশি তল্লাশির সময় দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সাড়ি, ত্রিপল, লুঙ্গি, গামছা ও কম্বল উদ্ধার হয়েছে।
যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন বিধায়ক বা তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

