সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শুক্রবার ১৯,জুন :: ভাঙড়ের বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার উঠল গুরুতর ধর্ষণের অভিযোগ। জীবনতলা থানায় এক মহিলার দায়ের করা লিখিত অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
অভিযোগকারিণীর দাবি, ঘটনাটির সূত্রপাত ২০১৯ সালে। তাঁর অল্পবয়সি ছেলেকে কয়েকজন সমাজবিরোধী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। সন্তানকে ফিরে পাওয়ার আশায় তিনি অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ, এরপর তাঁকে একটি ডেরায় ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রথমে মারধর ও যৌন নির্যাতনের শিকার হতে হয়। মহিলার অভিযোগ, সন্তানকে ফেরত পাওয়ার শর্ত হিসেবে তাঁকে বারবার ডেকে পাঠানো হত।
তিনি দাবি করেছেন, নির্যাতনের ছবি ও ভিডিও তুলে রেখে তাঁকে ব্ল্যাকমেল করা হয় এবং বিষয়টি প্রকাশ করলে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হত। অভিযোগে শওকত মোল্লা-সহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে প্রাক্তন বিধায়কের গাড়িচালক এবং তাঁর এক ঘনিষ্ঠ সহযোগীর নামও রয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগকারিণীর আরও দাবি, পরবর্তীতে তাঁকে শওকত মোল্লার ডেরায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তিনি যৌন নির্যাতনের শিকার হন। দীর্ঘদিন ভয়, সামাজিক লজ্জা এবং হুমকির কারণে মুখ খুলতে পারেননি বলেই অভিযোগপত্রে উল্লেখ করেছেন ওই মহিলা।
উল্লেখ্য, ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন শওকত মোল্লা। সেই মামলার আইনি লড়াই চলাকালীনই নতুন এই অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তবে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে শওকত মোল্লা বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের সত্যতা আদালত বা তদন্তের মাধ্যমে প্রমাণিত না হওয়া পর্যন্ত বিষয়টি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

