টানা ভারী বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর।

নিজস্ব সংবাদদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৫,আগস্ট :: টানা ভারী বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। শহরের প্রায় প্রতিটি এলাকায় জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বহু বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

এই পরিস্থিতিতে শহরের নিকাশি ব্যবস্থা ও নগর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ফলে শহরের বাসস্ট্যান্ড,

হরিশ পাল চৌপথি, হাসপাতাল মোড়, দুর্গাবাড়ি, কলাবাগান, সুভাষপল্লি, রাসমেলা ময়দান, নিউ টাউন, পুরাতন পোস্ট অফিস-সহ প্রায় গোটা শহরই জলমগ্ন হয়ে পড়ে।

রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে যাওয়ায় যান চলাচল ও নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। তাঁদের দাবি, একসময় মহারাজাদের আমলে সামান্য বৃষ্টিতেও শহরে জল জমত না।

কিন্তু গত কয়েক বছরে অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ছে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

এদিকে,পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার খোঁজখবর নেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =