নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২২,আগস্ট :: ট্যাব কেলেঙ্কারি মামলায় হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিককে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার সকালে প্রধান শিক্ষক দুলাল মণ্ডল ও করণিক রাজেশ চৌধুরীকে গ্রেফতার করা হয়।
ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। ২০২৪ সালের নভেম্বর মাসে রাজ্যজুড়ে ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

মালদার হরিশ্চন্দ্রপুর থেকে বৈষ্ণবনগর, হবিবপুর-সহ জেলার একাধিক বিদ্যালয়ের বিরুদ্ধেও ট্যাবের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে।
অভিযোগ, কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের *৯১ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়*। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
তৎকালীন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত সাহা প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও করণিকের বিরুদ্ধে অভিযোগ করেন।
প্রাথমিকভাবে সিআইডি মালদা ও উত্তর দিনাজপুরের ইটাহার থেকে কয়েকজনকে গ্রেফতার করলেও পরবর্তী সময়ে তদন্ত কার্যত থমকে যায় বলে অভিযোগ। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের নতুন করে ট্যাব কেলেঙ্কারি মামলার তদন্ত শুরু করেছে সিআইডি।
তদন্তের সূত্র ধরেই এবার কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিককে গ্রেফতার করা হল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে কীভাবে গেল, এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং পুরো ঘটনায় আর্থিক লেনদেনের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

