সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২২,আগস্ট :: নিউ মার্কেটে হোটেল বন্ধের জেরে বুকিং করা রুম না পেয়ে মুকুন্দপুর, আনন্দপুর, কসবার টেগোর পার্ক-নস্করহাট ও পিয়ারলেস হাসপাতালের আশেপাশের নানা গেস্ট হাউসে যে সমস্ত বাংলাদেশি যাচ্ছেন তাঁরা ‘ব্ল্যাকমেলিং’-এর শিকার হচ্ছেন।
সুযোগ পেয়ে ‘মোটা দাঁও’ মারছেন গেস্ট হাউসের মালিকরা। এতদিন দৈনিক যে রুমগুলি ৫০০ বা ৬০০ টাকা ভাড়া নিতেন সেগুলি রাতারাতি দেড় থেকে দু’হাজার টাকা নিচ্ছেন বলে অভিযোগ নিউ মার্কেট ফেরত চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের।
তাই চরম বিপদে পড়ছেন চিকিৎসা করাতে আসা ওপার বাংলা বা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দারা। কারণ, যাঁরা কম বাজেটে চিকিৎসা করাবেন বলে কলকাতায় এসেছিলেন তাঁরা গেস্ট হাউসের ভাড়া একলাফে অনেকটা বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে পড়েছেন।
চাঞ্চল্যকর তথ্য হল, ই এম বাইপাসের দু’পাশের বেসরকারি হাসপাতাল ঘিরে গড়ে ওঠা অধিকাংশ গেস্ট হাউসগুলিতে না আছে ফায়ারিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স। এমনই কিছু বেআইনি গেস্ট হাউসে যাতায়াতের রাস্তাগুলিতে বর্ষায় জল জমেছে।
ভয়ংকর কর্দমাক্ত ও চরম অস্বাস্থ্যকর পরিবেশ। অভিযোগ, পুলিশ ও দমকলের একাংশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ‘দাদা’দের আঁতাঁতে বেআইনি গেস্ট হাউসের রমরমা ব্যবসা চলছে। এই মুহুর্তে গেস্ট হাউসের বাসিন্দারা বলছেন সরকার এখনই কিছু করুক । আমরা চিকিত্সা করাতে এসে ভীষণ বিপাকে পড়েই সরকারের দিকে তাকিয়ে আছি ।

