সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: ট্রেনে করে বিহারে বেআইনি ভাবে মদ পাচারের চেষ্টা ভেস্তে দিল জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ।সোমবার রাতে শিলিগুড়ি জংশন স্টেশনের ৩নম্বর প্ল্যাটফর্ম থেকে ৬০বোতল বিয়ার-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের নাম বিশাল কুমার (২৬) ও গৌতম রায় (৪২)।পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিশাল কুমার বিহারের কাঠিহারের জোড়াবগঞ্জ এলাকার বাসিন্দা।
অপর ধৃত গৌতম রায় রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার বাসিন্দা।সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ ৩নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায়।
অভিযানের সময় প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই দুই ব্যক্তিকে।এরপর তাদের আটক করে তল্লাশি চালানো হয়।তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ ও ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ৬০বোতল বিয়ার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে,ট্রেনে করে ওই মদ বেআইনি ভাবে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।এরপরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিআরপি।তাদের জিআরপি দফতরে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই পাচারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা,কোথা থেকে মদ সংগ্রহ করা হয়েছিল ও বিহারে কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।

