বর্ধমান রোডে পৌরসভার অভিযান, ভেঙে ফেলা হল রাস্তার পাশের একাধিক দোকান

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: শিলিগুড়ির বর্ধমান রোডে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে ফের অভিযান চালাল শিলিগুড়ি পৌরনিগম।

মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে রাস্তার আশপাশে থাকা বেশ কয়েকটি দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে সরিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, বর্ধমান রোড ধরে জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে রাস্তার দু’পাশে বেশ কিছু দোকান ও অস্থায়ী ব্যবসায়িক কাঠামো গড়ে উঠেছিল। এর ফলে রাস্তার জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি যান চলাচল এবং পথচারীদের চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ।

এদিন পৌরসভার কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। প্রয়োজনে জেসিবি ব্যবহার করে অবৈধভাবে তৈরি দোকান ও কাঠামো সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হয়।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল করে ব্যবসা করা বা রাস্তার জায়গা দখল করে কোনও ধরনের নির্মাণ বরদাস্ত করা হবে না। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় দখলদারির বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে।

এদিনের অভিযানে বেশ কিছু দোকান ভেঙে সরিয়ে দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে রাস্তা ও সরকারি জমি দখলমুক্ত করার এই উদ্যোগে যান চলাচল আরও স্বাভাবিক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 12 =