সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৫,সেপ্টেম্বর :: শিলিগুড়িতে জমজমাট গনেশ পুজো। উৎসবের আবহে সেজে উঠেছে শিলিগুড়ি।
শহরের অন্যতম আকর্ষণ গণেশ পুজো শিলিগুড়ি গণেশ পূজো ওয়েলফেয়ার সোসাইটির গণেশ পুজো এবার পা দিল ২০তম বর্ষে। দীর্ঘ দুই দশকের ঐতিহ্য, নিষ্ঠা ও মানুষের অংশগ্রহণে এবারের পুজো ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকদের দাবি, এটি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বারোয়ারি গণেশ পুজো। বছরের পর বছর ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও বহন করে আসছে এই পুজো। ফলে শুধু পুজো নয়, মানুষের পাশে দাঁড়ানোর এক বিশেষ মঞ্চ হিসেবেও পরিচিতি পেয়েছে গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি।
২০তম বর্ষ উপলক্ষে এবারের আয়োজনকে আরও বর্ণময় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে থাকছে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং একাধিক জনসেবামূলক কর্মসূচি। টানা আট দিন ধরে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
পুজোকে কেন্দ্র করে প্রতিদিনই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। গণেশ বন্দনা, পুজোর আচার-অনুষ্ঠান এবং উৎসবের পরিবেশে মুখরিত হয়ে উঠছে গোটা এলাকা। ছোট-বড় সকলের অংশগ্রহণে তৈরি হচ্ছে এক মিলনমেলার আবহ।
তবে এই পুজোর বিশেষত্ব শুধু উৎসবের আনন্দে সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানো, মানুষের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার বার্তা পৌঁছে দেওয়া এবং জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই এই পুজো কমিটির অন্যতম লক্ষ্য।
২০ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবারও ‘বাপ্পা’র আরাধনায় একত্রিত শিলিগুড়িবাসী। ভক্তি, উৎসব ও সমাজসেবার মেলবন্ধনে শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির ২০তম বর্ষের আয়োজন হয়ে উঠেছে শহরের অন্যতম আকর্ষণ।

