সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: সোমবার ৩১,আগস্ট :: উৎসবের আবহে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান। সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর. এন. রবি। তাঁর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছে দিনটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্কলার ও বিজ্ঞানী অধ্যাপক চন্দ্রিমা সাহা। পাশাপাশি বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ ও কারিগরি শিক্ষা বিভাগের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিতা ব্যানার্জির উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর ইন্দিরা চক্রবর্তীকে সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স (D.Sc.) ডিগ্রি প্রদান।
তাঁর দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও সমাজের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই ছিল উৎসবের পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।
শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করে ডিগ্রি ও সম্মান গ্রহণের মুহূর্তে ছাত্রীদের মধ্যেও ছিল বিশেষ উচ্ছ্বাস। অনুষ্ঠানের মঞ্চে রাজ্যপাল আর. এন. রবি ছাত্রীদের হাতে বিভিন্ন ডিগ্রি ও সম্মান তুলে দেন। শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের বিশেষভাবে সম্মানিত করা হয়।

