তারাতলা বিপর্যয়: ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, উদ্ধারকাজে সরাসরি তদারকি সরকারি হিসাবে মৃত ৩, জীবিত উদ্ধার ২২ জন; ধ্বংসস্তূপে আরও আটকে আছে কি না দেখছে প্রশাসন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: তারাতলা :: বুধবার ২৪,জুন :: তারাতলায় চা সংরক্ষণের একটি পুরনো গুদাম ভেঙে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পরপরই প্রশাসনের শীর্ষ মহল নড়েচড়ে বসে। সন্ধ্যার কিছু আগে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী।

তিনি উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং বিপর্যয় মোকাবিলায় নিযুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১২ থেকে ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সরকারিভাবে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা,পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। রাত পর্যন্ত সেই অভিযান অব্যাহত ছিল।

প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে থাকতে পারেন। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুসন্ধান চলছে।

ঘটনাস্থলে এসে মুখ্যমন্ত্রী উদ্ধারকারী দলগুলির সঙ্গে কথা বলেন এবং দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেকটি প্রাণ আমাদের কাছে মূল্যবান। উদ্ধারকাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”

এদিকে ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুদামটির কাঠামো দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ভবনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। গুদামটির নির্মাণগত ত্রুটি, অতিরিক্ত মাল মজুত কিংবা অন্য কোনও কারণ এই বিপর্যয়ের জন্য দায়ী কি না, তা খতিয়ে দেখা হবে।

তারাতলার এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। উদ্ধার অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =