সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২২,আগস্ট :: ট্রেনে গাঁজা পাচারের অভিযোগে দুই যাত্রীকে গ্রেফতার করল শিলিগুড়ি জিআরপি SOG ও এনজেপি জিআরপির সাদা পোশাক পুলিশের যৌথ দল। ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি A1 কামরা থেকে তাঁদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মোট ২৪কেজি ৭০০গ্রাম গাঁজা।উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য বেশ কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতরা হলেন সোমনাথ সাহা (৩৫),নবদ্বীপের বাসিন্দা ও রূপালি রায় (৩১)শিলিগুড়ির ভক্তিনগরের সাউডাঙ্গী হাট এলাকার বাসিন্দা।
তাঁরা ধুপগুড়ি থেকে ট্রেনে উঠেছিলো ও নবদ্বীপের দিকে যাওয়ার কথা ছিল বলে তদন্তকারীদের দাবি। গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে অভিযানে নামে শিলিগুড়ি জিআরপির SOG টিম ও এনজেপি স্টেশনের জিআরপির সাদা পোশাকের পুলিশের দল।
ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি A1কামরায় তল্লাশি চালিয়ে প্রথমে দু’জনকে আটক করা হয়।এরপর তাঁদের সঙ্গে থাকা দুটি পিঠব্যাগ ও একটি লাগেজ ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। উদ্ধার হওয়া মাদকের ওজন ২৪কেজি ৭০০গ্রাম বলে পুলিশ জানিয়েছে।এরপরই দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান,এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যেই তাঁরা ট্রেনে যাত্রা করছিলো।তবে গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল ও কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল,তা জানতে তদন্ত শুরু হয়েছে।ধৃত দু’জনের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে।
পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না,সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে বলে জানা গেছে এনজেপি জিআরপি সূত্রে।

