তৃণমূলের নিঃশর্ত সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে বদল বোর্ড

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ডাবগ্রাম :: বুধবার ১২,আগস্ট :: ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বদল হল রাজনৈতিক সমীকরণ। ১৮ সদস্যের পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ১২ জন সদস্য এবং বিজেপির ৬ জন সদস্য থাকলেও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বদলে গেল হিসাব।

তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের নিঃশর্ত সমর্থন নিয়ে পঞ্চায়েতের ক্ষমতা দখল করল বিজেপি। নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন দয়াল রায় এবং উপপ্রধান হলেন আন্না সরকার।

জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। এর জেরে পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয় এবং ব্যাহত হয় এলাকার উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের পরিষেবা।

সেই অচলাবস্থা কাটিয়ে মানুষের স্বার্থে দ্রুত পঞ্চায়েত পরিচালনার লক্ষ্যে বিজেপির হাতে বোর্ডের দায়িত্ব তুলে দেওয়া হয়। বোর্ড গঠনের পরই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তাঁরা।

ডাবগ্রাম-ফুলবাড়ি মণ্ডল সভাপতি রাহুল বর্মন জানান, প্রধান ও উপপ্রধানের পদত্যাগের পর গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়েছিল। উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। মানুষের পরিষেবা স্বাভাবিক রাখতে এবং এলাকার উন্নয়নের স্বার্থেই নতুন বোর্ড গঠন করা হয়েছে।

তাঁর দাবি, নতুন বোর্ড নিষ্ঠার সঙ্গে এবং দুর্নীতিমুক্তভাবে পঞ্চায়েত পরিচালনা করবে। অন্যদিকে, নবনিযুক্ত প্রধান দয়াল রায় বলেন, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তিনি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পঞ্চায়েতের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eleven =