জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ২১,জুলাই :: ধর্ষণ-সহ দুটি পৃথক মামলায় গত ৩১ মে চুঁচুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। পরে তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়।
প্রায় ১৯ দিন জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। জামিনের পর তাঁকে কালিঘাট তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এরই মধ্যে মঙ্গলবার, ২১ জুলাই, সকালে চুঁচুড়ার প্রিয়নগরে তাঁর বাড়িতে পৌঁছে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তোলাবাজির একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে এষ চুঁচুড়া থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে গ্রেপ্তার দেখিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য চুঁচুড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আবার পুনরায় থানায় আনা হয়। জেলা হাসপাতাল থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অসিত মজুমদার বলেন, “এসবই আমার ভাগ্যের দোষ।
আমাকে বারবার মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করছে।” ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

