নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শনিবার ১৮,জুলাই :: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের রাস্তা দখল মুক্ত করতে মহকুমা প্রশাসন নির্ধারিত তারিখ দিয়েছিল ১৭ জুলাই। এর আগে মহকুমা প্রশাসন মাইক প্রচার করে ফুটপাথ থেকে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেয়।
কিছু কিছু ব্যবসায়ী ফুটপাথ থেকে দোকানের কাঠামো খুলে নিলেও অনেকে তা রেখে দিয়েছিলেন। ১৭ তারিখে বুলডোজার দিয়ে সেই কাঠামোগুলি ভেঙে দেওয়া হয়।
উল্লেখ্য ঘাটাল পাঁশকুড়া রাস্তা সংস্কার ও সম্প্রসারণের পরে ফুটপাথে পূর্ত দপ্তরের জায়গা দখল করে অনেক ব্যবসায়ী ব্যবসা করছিলেন। ফলে পথচারীদের চলার রাস্তা সেভাবে পর্যাপ্ত ছিল না।এর আগে দখলমুক্ত করার জন্য প্রচেষ্টা হলেও তা করা হয়নি। রাজ্যে পালাবদলের পর ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু হয়। ব্যবসায়ীদের ডেকে মহকুমা প্রশাসন হিয়ারিং করে। অবৈধ ব্যবসা যারা করছেন ফুটপাথে, তাদের কাঠামো সরিয়ে নিতে বলা হয়।
প্রশাসন মাইক প্রচার করে ব্যবসায়ীদের বলে দেয় ১৭ তারিখের মধ্যে অবৈধ কাঠামো সরিয়ে নিতে হবে নতুবা প্রশাসন তা ভেঙে দেবে। কিছু ব্যবসায়ী নিজেরাই কাঠামো সরিয়ে নিয়েছিলেন। কিন্তু যারা সরাননি তাদের দোকান এবং প্রগতি বাজারে অস্থায়ী কাঠামো গুলি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।

