১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক পাচারকারী দম্পতি ফের পুলিশের জালে, রানিসায়ের থেকে ২৪ গ্রাম হেরোইন উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৮,জুলাই :: মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান চললেও তা পুরোপুরি রোখা যাচ্ছে না। ২০২০ সালের একটি এনডিপিএস মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক দম্পতিকে ফের হেরোইন-সহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পাপ্পু আনসারি ও তাঁর স্ত্রী সুবেতারা খাতুন। তাঁরা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বামুনডিহা মাদ্রাসা পাড়ার বাসিন্দা।

পুলিশের দাবি, নিয়ামতপুর ফাঁড়ির এসআই মিলন ভুঁইয়ের নেতৃত্বে বিশেষ অভিযানের সময় রানিসায়ের মোড় সংলগ্ন ইস্কো বাইপাস রোড এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়।

তল্লাশিতে তাঁদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন এবং মাদক পাচারের সঙ্গে সম্পর্কিত কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, ধৃত দম্পতির বিরুদ্ধে এর আগেও এনডিপিএস আইনে মামলা দায়ের হয়েছিল।

২০২০ সালের সেই মামলায় আসানসোলের বিশেষ এনডিপিএস আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। সেই একই দম্পতির বিরুদ্ধে ফের মাদক পাচারের অভিযোগ সামনে আসায় তদন্তে নতুন প্রশ্ন উঠেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া হেরোইন কোনও বড় মাদক পাচার চক্রের অংশ হতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

শুক্রবার ধৃত দু’জনকে আসানসোল আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে কুলটি থানার পুলিশ।

গোটা ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি পুলিশের দাবি ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি আদালতের রায়ের উপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =