নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৭,জুলাই :: সোমবার সকালে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলাম জামা (বা গোলাম রাজা নামে পরিচিত) প্রায় তিন বছর আগে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন। সোমবার সকাল সাতটা নাগাদ এনআইএ-র ছয় সদস্যের দুটি দল ওই বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
তল্লাশি চলাকালীন গোটা বাড়ি ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে কী কারণে এই তল্লাশি চালানো হচ্ছে বা অভিযানের সঙ্গে কোন মামলার যোগ রয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত এনআইএ-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তদন্তের স্বার্থে সংস্থার আধিকারিকরা এ বিষয়ে মুখ খুলতে চাননি। ঘটনার জেরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। এনআইএ-র তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

