দেওয়ালে হিন্দু দেব-দেবীর ছবি, আর ঠিক সেখানেই থুতু-প্রসাবের অভিযোগ! প্রতিবাদে নেমে বজরং দল ছেনি-হাতুড়ি দিয়ে খুলে ফেললো একের পর এক ছবি.

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২,আগস্ট :: দেওয়ালে হিন্দু দেব-দেবী, মা সারদা, শ্রীরামকৃষ্ণদেব এবং শিখ গুরুদের ছবি লাগানো ছিল। কিন্তু সেই ছবিগুলি এমন জায়গায় রাখা হয়েছে, যেখানে প্রতিদিন সাধারণ মানুষের যাতায়াত।

বজরং দলের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ছবিগুলির সামনেই থুতু ফেলা, প্রসাব করা-সহ নানা ধরনের নোংরা কাজ চলছিল। এর ফলে প্রতিনিয়ত অপমান করা হচ্ছিল হিন্দু দেব-দেবীদের। একাধিকবার বিষয়টি নজরে এলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ সংগঠনের।

এই অভিযোগকে সামনে রেখেই প্রতিবাদে নামে বজরং দল। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় সংগঠনের কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশের অনুমতি নিয়ে ছেনি-হাতুড়ির সাহায্যে দেওয়াল থেকে একে একে ছবিগুলি খুলে ফেলা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

বজরং দলের নগর সভাপতি হরি শিলের দাবি, বিষয়টি নিয়ে আগেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। প্রশাসনের অনুমতি পাওয়ার পরই এদিন ছবিগুলি খুলে ফেলার কাজ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =