নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বুধবার ১৫,এপ্রিল :: বীরভূমের নলহাটি থানার অন্তর্গত গো গ্রামের মাঠ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম মুকুল শেখ (বয়স আনুমানিক ৪২)। তাঁর বাড়ি নলহাটি থানার পাখা গ্রামে বলে জানা গেছে।
তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গো গ্রামের মাঝ মাঠে ক্ষতবিক্ষত অবস্থায় দেহটি দেখতে পান গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে নলহাটি থানায় খবর দেওয়া হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, মুকুল শেখকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ নজরদারি বাড়িয়েছে।

