নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২০,এপ্রিল :: সাতসকালে বাড়ির উঠোন থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাড়ালজানি এলাকায়।
স্থানীয় বিজেপি নেতা তথা শক্তি প্রমুখ কৌশিক দাসের বাড়ির উঠোনে এই বোমাটি পাওয়া যায়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।
অভিযোগ সোমবার সকালে কৌশিক দাসের মা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বাড়ির কাজ করতে বের হন। তখনই তিনি লক্ষ্য করেন, বাড়ির উঠোনের মাঝখানে একটি তাজা বোমা পড়ে রয়েছে।
জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। বোমাটি কোথা থেকে এলো বা কারা এটি এখানে রেখে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এটি বিজেপির সাজসাঁজানো নাটক সাথে তৃণমূলের কোনো যোগ নেই।

