নেপালের দুর্যোগে নিখোঁজ শিলিগুড়ির সমর মণ্ডল, শেষবার মায়ের সঙ্গে কথা! ছেলের অপেক্ষায় চোখে জল পরিবারের

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: কৈলাস যাওয়ার পথে নেপালের রাসুয়ায় ভয়াবহ হড়পা বানের ঘটনায় নিখোঁজ শিলিগুড়ির সমর মণ্ডল। বউবাজারের বাসিন্দা সমরের কোনও সন্ধান না মেলায় উদ্বেগে তাঁর পরিবার। নেপালে প্রাকৃতিক দুর্যোগের খবর সামনে আসার পর থেকেই উৎকণ্ঠা আরও বেড়েছে।

কখনও ফোনে যোগাযোগের চেষ্টা, কখনও পরিচিতদের মাধ্যমে খবর নেওয়া—ছেলের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে পরিবার। ১৬ অগাস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সমর। ১৭ অগাস্ট কাঠমান্ডু পৌঁছনোর পর শুরু হয় কৈলাস যাত্রা। পরিবারের তরফে জানা গিয়েছে, তাঁর সঙ্গে থাকা অন্যান্য যাত্রীরা বর্তমানে নিরাপদেই রয়েছেন।

কিন্তু যাত্রাপথে অসুস্থ হয়ে পড়ায় সমরকে দল থেকে আলাদা হয়ে রাসুয়া এলাকায় থাকতে হয়। সেই সিদ্ধান্তের পরই নেপালে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। সমরের পরিবারের কথায়, গতকাল সকাল পর্যন্ত তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেটিই পরিবারের কাছে তাঁর শেষ বার্তা।

এরপর থেকে ফোনে আর কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। প্রথমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলেও রাসুয়ায় হড়পা বানের খবর আসার পর সেই উদ্বেগ পরিণত হয়েছে গভীর আতঙ্কে। সমরের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পরিবারের হাতে আসেনি।

বিপর্যয়ের জেরে রাসুয়ার বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ছেলের কোনও খবর পাওয়ার আশায় পরিবারের সদস্যরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাড়িতে এখন শুধুই অপেক্ষা—কখন আসবে সমরের কোনও খবর।

অন্যদিকে, নেপালের দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। হেলিকপ্টার ও উদ্ধারকারী দলের মাধ্যমে বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে সমরের পরিবারেরও আশা, উদ্ধার অভিযানের মাধ্যমে দ্রুত তাঁর সন্ধান মিলবে।

পরিবারের সদস্যদের একটাই আবেদন, নেপালের বিপর্যস্ত এলাকায় খোঁজ চালিয়ে দ্রুত সমরের অবস্থান নিশ্চিত করা হোক এবং তাঁকে নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + twenty =