নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: বৃহস্পতিবার সকালে মালদার গাজোলের দৈনিক কৃষক বাজারে আচমকা অভিযান চালায় একটি বিশেষ প্রশাসনিক দল। প্রশাসন সূত্রে জানা গেছে, এদিনের অভিযানে মূলত আলু, পেঁয়াজসহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সবজির দাম এবং সেগুলির গুণগত মান খতিয়ে দেখা হয়।
একই সঙ্গে খুচরো ও পাইকারি বিক্রেতারা দোকানে সঠিক মূল্য তালিকা টাঙিয়েছেন কি না এবং কেনাবেচার রসিদ বা মেমো মজুত রাখছেন কি না, তাও যাচাই করেন আধিকারিকরা। বাজার দর স্বাভাবিক রাখতে এবং ক্রেতারা যাতে প্রতারিত না হন, তার জন্য ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ।
সবজি বাজারের পাশাপাশি গাজোল হাটের একাধিক মুদি দোকান, তেল-মশলার দোকান এবং ফলের দোকানেও যান পরিদর্শকরা। সেখানে বিভিন্ন প্যাকেজড ফুড বা প্যাকেটজাত সামগ্রীর মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা করে দেখা হয় অভিযান চলাকালীন সবজি বাজারে পেঁয়াজের চড়া দাম লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন আধিকারিকরা।
অতিরিক্ত দাম নেওয়ার কারণ নিয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং নিয়ম মেনে ব্যবসা করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

