পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারিতে CBI-এর আচমকা অভিযান, উদ্ধার একাধিক নথি – অভিযুক্তের ছেলে পঙ্কজ হরিজন আটক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: বৃহস্পতিবার ১০,সেপ্টেম্বর :: পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারিতে CBI-এর আচমকা অভিযান, উদ্ধার একাধিক নথি – অভিযুক্তের ছেলে পঙ্কজ হরিজন আটক

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত সাউথ শ্যামলা কোলিয়ারিতে ECL কর্মীদের কাজের রদবদল এবং ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে CBI-এর আচমকা অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল সাউথ শ্যামলা কোলিয়ারির ECL কর্মী সংকর্ণন হরিজনের বাড়ি এবং স্থানীয় ECL অফিসে একযোগে তল্লাশি অভিযান চালায়।

সূত্রের খবর, কোলিয়ারির এক অসুস্থ কর্মী শারীরিক অসুস্থতার কারণে তুলনামূলকভাবে হালকা কাজ অর্থাৎ ‘লাইট ডিউটি’-র জন্য আবেদন করেছিলেন। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই কর্মীর কাজের বন্দোবস্ত করে দেওয়ার নামে ECL কর্মী সংকর্ণন হরিজন ঘুষ দাবি করেছিলেন।

অভিযোগটি সামনে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগের সত্যতা যাচাই এবং তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য সংকর্ণন হরিজনের বাড়ি এবং ECL অফিসে একসঙ্গে অভিযান চালানো হয়।

দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। তদন্তকারীরা অফিস এবং বাড়ি—দুই জায়গা থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে। তবে তল্লাশি চলাকালীন অভিযুক্ত সংকর্ণন হরিজনকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলে পঙ্কজ হরিজনকে CBI-এর দল সঙ্গে নিয়ে যায়।

এক স্থানীয় বাসিন্দা জানান, CBI-এর একটি দল এলাকায় এসেছিল। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখা হয়। সংকর্ণন হরিজন বাড়িতে না থাকায় তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।

এখন প্রশ্ন উঠছে, কর্মীদের কাজের সুযোগ বা রদবদলের ব্যবস্থা করে দেওয়ার নামে কি আরও কোনও অসাধু লেনদেন চলত?

এই ঘটনার পিছনে কি ECL-এর আরও কোনও বড় আধিকারিকের যোগ রয়েছে? আপাতত পঙ্কজ হরিজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে পুরো বিষয়টি তদন্ত করছেন CBI আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =